২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ড, শিশুর মৃত্যু

রাজধানীর আগারগাঁও এলাকায় একটি বস্তিতে আগুন লেগে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 12:35 PM

Updated : 12 Oct 2022, 03:20 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের পাশের বস্তিতে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় বলে নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান।

তবে বস্তিতে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।

অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা  মো. জসীম বলেন, আগুন লাগার পর আশেপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। শুরুতে স্থানীয়রাই বালতিতে করে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।

শেরেবাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, “আগুনে ৫০ থেকে ৫৫টি টিনের ঘর পুড়ে গেছে। পাঁচ বছরের একটি ছেলের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বেলা ২টার দিকে ওই শিশুর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। তবে তার পরিচয় জানা যায়নি।