ফের বাসে পেট্রোল বোমা, ঘুমন্ত অবস্থায় পুড়ল দুজন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে অবরোধ সমর্থকদের পেট্রোল বোমায় ঘুমন্ত অবস্থায় দুইজন দগ্ধ হয়েছেন।
উপজেলার সাওঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ওই ঘটনায় ‘আসিয়ান পরিবহন’ নামের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে বাসমালিক সোহরাব হোসেন জানিয়েছেন।
দগ্ধ মনির মিয়া (২৬) ও শাকিল আহম্মেদকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানিয়েছেন।
বাস মালিক সোহরাব জানান, রাতে ওই এলাকার বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের সামনে বাসে ঘুমিয়ে ছিলেন মনির ও শাকিল।
“রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে তারা দগ্ধ হন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।”
আহতদের মধ্যে মনির পুড়ে যাওয়া বাসের হেলপার। তার বন্ধু শাকিলও অন্য একটি বাসের হেলপার।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এসআই রবিউল জানিয়েছেন।
দেড় মাসের বেশি সময় ধরে চলা বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধের প্রথম থেকে একের পর এক যাত্রীবাহী বাস ও পণ্যবোঝাই ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন অর্ধশতাধিক। আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েকশ মানুষ।
মাঝে কিছুদিন পেট্রোল বোমা হামলার খবর তেমন না এলেও নারায়ণগঞ্জে আবারও এ ধরনের ঘটনা ঘটল।
