২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মাগুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি একটি চরমপন্থী দলের নেতা বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 09:31 AM

Updated : 12 Oct 2022, 03:20 PM

নিহত দাউদ আলী ওরফে টাইগার দাউদ (৪৫)  সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের বাবর আলী বিশ্বাসের ছেলে।

বুধবার ভোরে সদর উপজেলার খালিমপুর গ্রামে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন জানান।

তিনি বলেন, “গভীর রাতে সদর উপজেলার রবইচারা গ্রাম থেকে দাউদকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী খালিমপুর গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি চালায়।

“এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে  গুলিবিদ্ধ অবস্থায় দাউদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

এ সময় চার পুলিশ সদস্য আহত হয় বলে জানান তিনি। 

ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সুদর্শন জানিয়েছেন।

তিনি বলেন, দাউদের বিরুদ্ধে মাগুরার বিভিন্ন থানায় ছয়টি হত্যা এবং অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।এছাড়া রাজবাড়ী ও ঝিনাইদহ জেলায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিহতের লাশ মাগুরা সদর থানায় রাখা হয়েছে।