মিরপুরে নিহত দুজনের লাশ নিলেন স্বজনরা
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নাতির লাশ নিতে এসে বিলাপ করছিলেন হালিমা খাতুন।
“নাতিরে নাতি, ছোট্ট বেলা থেকে তোকে বড় করেছি, আর এভাবে তোকে মারল।”
বিএনপি জোটের লাগাতার অবরোধ-হরতালের মধ্যে রোববার রাতে রাজধানীর মিরপুরের কাজীপাড়ার বাইশ বাড়িতে যে তিন তরুণ নিহত হয়েছিলেন, তাদের একজন রবিনের দাদী হালিমা।
মঙ্গলবার রবিনের সঙ্গে নিহত সুমন রবি দাসের লাশ স্বজনরাও মর্গে গিয়ে লাশ গ্রহণ করেন। নিহত অন্য তরুণ জুয়েলের লাশ নিতে কেউ যায়নি।
এদের নাশকতাকারী বলে পুলিশ দাবি করলেও স্বজনরা বলেন, ওই ধরনের কোনো তৎপরতায় যুক্ত ছিলেন না তারা।
পুলিশ গণপিটুনি বললেও ঘটনাস্থলের আশাপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এর সমর্থন পাওয়া যায়নি। নিহতের গায়ে গুলির চিহ্ন থাকার বিষয়ে পুলিশের বক্তব্য, জনতার মধ্যে কেউ অস্ত্র ব্যবহার করেছে।
রবিনের দাদি হালিমা জানান, রবিনের বাবা সেলিমের সঙ্গে তা মার তালাক হওয়ার পর থেকে ছেলেটি ছোট বেলা থেকেই তার কাছে ছিল।
রবিন একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে দাবি করেন তিনি।
রবিনের চাচা বিপ্লব বলেন, রোববার বিকালে কালসির বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি রবিন। তারা ভেবেছিলেন, বন্ধুদের সাথে গ্রামের বাড়ি পাবনায় গিয়েছেন।
“কোনো রাজনৈতিক দলের সঙ্গে রবিনকে কখনও কোনো মিছিল-মিটিংয়ে দেখিনি,” বলেন তিনি।
সুমনের বাবা জনি রবি দাস ও মা জোসনা রবি দাস ছেলের লাশ শনাক্ত করেন।
জনি দাস বলেন, রোববার বিকালে কালসি প্রথম লেনের বাসা থেকে সুমন বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার সংবাদপত্রে নাম দেখে তারা মর্গে আসে।
সুমন সুপার পল্লবী পরিবহনের নামে একটি বাসের চালকের সহকারী ছিলেন বলে তার বাবা জানান।
তিনিও বলেন, “সুমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন, নাশকতা কেন করতে যাবে সে।”
