২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে কটূক্তি: আদালত পরিবর্তনের আবেদন খারিজ

বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা মীর নাছির উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলার আদালত পরিবর্তনের আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 08:56 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। নাছিরের পক্ষে ছিলেন মো. আকরামুজ্জামান।

আকরামুজ্জামান বলেন, “আসামি ঢাকায় থাকেন। এতদূরে যেতে আসতে সমস্যা। তাই ঢাকায় নিয়ে আসলে সুবিধা হবে।”

জবাবে মোমতাজ উদ্দিন বলেন, এক আসামির আবেদনে মামলা স্থানান্তর হতে পারে না।

বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে বঙ্গবন্ধুকে কটাক্ষ করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

এই ঘটনায় পরে ২৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ তার বিরুদ্ধে স্থানীয় আদালতে একটি মামলা করে। ওই আলোচনায় উপস্থিত বিএনপি নেতা মীর মো. নাছির উদ্দিন ও রুহুল কবির রিজভীকেও মামলায় আসামি করা হয়।

মামলা দায়ের হওয়ার পর ওই দিনই সেখানকার আদালত তিন আসামি তারেক, রিজভী ও মীর নাছিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এই মামলায় ৬ জানুয়ারি হাই কোর্ট থেকে জামিন নেন মীর নাছির। সোমবার মামলাটি ঢাকার কোন আদালতে স্থানান্তরের জন্য আবেদন করেন নাছির। দুই দিন শুনানির পর আদালত আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।