২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবদলকর্মীর বাবা-ভাই গুলিবিদ্ধ

ফেনী সদরে এক যুবদলকর্মীর বাবা ও ভাইকে গুলিতে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগের বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 08:37 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

মঙ্গলবার সন্ধ্যায় বালিগাঁও ইউনিয়নের মধুয়াইর হেইক্কার দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহতরা হলেন যুবদলকর্মী বাহার উদ্দিনের বাবা মো. শাহজালাল (৬০) ও চাচাত ভাই সাইফুল ইসলাম (১৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহজালাল সাংবাদিকদের জানান, স্থানীয় যুবলীগকর্মী জয়নাল মেম্বারের নেতৃত্বে তার বাহিনীর লোকজন মধুয়াই গ্রামে চৌধুরী হাট খোলায় তাদের (শাহজালাল) বাড়িতে হামলা চালায়।

বাড়িতে ঢুকেই তারা এলোপাতড়ি গুলি ও ককটেল ছুড়তে শুরু করে।

এ সময় তারা তার ছেলে যুবদলকর্মী বাহার উদ্দিনকে বাড়িতে না পেয়ে তাকে (শাহজালাল) ও তার ভাই শাহজামালের ছেলে সাইফুল ইসলামকে গুলি করে বলে শাহজালাল জানান।

সাইফুল ইসলাম স্থানীয় মধুয়াই হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র বলে জানান তিনি।

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুম কবীর জানান, আহতদের প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির পিঠে গুলি লাগায় তার অবস্থা গুরুতর বলে জানান তিনি।

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ ব্যাপারে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও বালিগাঁওয়ের বাসিন্দা শুশেন চন্দ্র শীল জানান, যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে।

তবে এ ঘটনার সঙ্গে যুবলীগের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন।