চবি শিক্ষকদের হুমকির ঘটনায় মামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন শিক্ষকদের হুমকি দেওয়ার ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রধান প্রকৌশলী আলমগীর হোসেন বাদী হয়ে সোমবার রাতে হাটহাজারি থানায় মামলাটি করেন বলে জানান ওসি ইসমাইল হোসেন।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় শিক্ষকদের ওপর হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানান ওসি ইসমাইল।
মামলায় আসামিরা হলেন- আব্দুল হান্নান, এসএম আলমগীর, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, শেখ রাশেদুজ্জামান, নুরুজ্জামান, মনসুর আলী, এএসএম ফাহিম, মো. নাসিম, মো. শরীফ, আনিছুর রহমান, নিয়াজ উদ্দিন, মো. সানিমুজ্জামান, মো. আল-আমীন।
গত বছরের ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে তাপস সরকার নামে সংস্কৃত বিভাগের এক ছাত্র নিহতের পর দীর্ঘদিন বাইরে থাকা এক পক্ষ শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন ‘ভিএক্স’ গ্রুপের কর্মীরা ১৫ ফেব্রুয়ারি শাহজালাল হলে গেলে প্রতিপক্ষ ‘সিএফসি’ গ্রুপের সাথে সংঘর্ষ হয়।
এসময় সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষকদের বাসায় গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ করেন শিক্ষকরা।
শিক্ষকদের হুমকিদাতাদের শাস্তির দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষক সমিতি মানববন্ধন এবং আওয়ামীলীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘বাঙালী জাতীয়তাবাদ ও মৃক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ’ ক্যাম্পাসে মৌন মিছিল করে।
