সৌদি আরবে মৃত্যু: মিলনের পরিবারে মাতম
ফেনীর দাগনভূঞার মীর আহাম্মদ মিলনের (৩০) বাড়িতে চলছে শোকের মাতম। বার বার মুর্ছা যাচ্ছেন তার স্ত্রী খালেদা আক্তার রেখা। সান্ত্বনা দিতে আসা স্বজনরাই কান্নায় ভেঙে পড়ছেন।
মিলনের টাকায় নিজের পরিবার ছাড়াও দুই দরিদ্র বোনের পরিবারও চলত বলে স্বজনরা জানিয়েছেন।
সোমবার সৌদি আরবের দাম্মামে সোফা কারখানায় আগুনে পুড়ে মারা যান দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বড় বাড়ির প্রয়াত বজলের রহমানের ছেলে মিলন।
মিলনের ভগ্নিপতি জহিরুল হক ভুট্টু জানান, ১২ বছর আগে সৌদি আরবে যান মীর আহাম্মদ মলন। দীর্ঘদিন সৌদি আরবের দাম্মামে সোফা কারখানায় কাজ করছিলেন তিনি।
পাঁচ বছর আগে খালেদা আক্তার রেখাকে বিয়ে করে সংসার করেন। ৭/৮ মাস আগে দেশে ফিরে শ্বশুরবাড়ি থেকে বউ তুলে আনেন নিজের বাড়িতে। দেশে কিছুদিন থেকে আবার কর্মস্থলে ফিরে যান।
মিলনের উপার্জিত টাকায় নিজের পরিবার ছাড়াও দরিদ্র দুই বোনকেও সহায়তা করতেন বলে জানান জহিরুল।
মিলনের শ্বশুর ফেনী সিভিল সার্জন অফিসের কর্মচারী মাষ্টার তোফাজ্জল হোসেন জানান, তার মেয়ে (মিলনের স্ত্রী) খালেদা আক্তার রেখা স্বামীর মৃত্যুর খবর শুনে বার বার মুর্ছা যাচ্ছেন।
মিলন দেশে এসে ঋণ নিয়ে নতুন বাড়ি করেছিলেন বলে জানান তিনি।
পরিবারের পক্ষ থেকে মিলনের লাশ দেশে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
দাম্মামে সোফা কারখানার ওই অগ্নিকাণ্ডে ফেনীর মিলন ছাড়াও কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবুল কালামের ছেলে জিয়াউর রহমান, চান্দিনার আবু মুসা, চাঁদপুরের লোকমান মিয়ার ছেলে আবুল হোসেন মোল্লা নিহত হন।
