২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের অনিয়মের তদন্ত শুরু

চট্টগ্রাম বন্দরের ছয়টি প্রকল্পের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে শুরু করেছে সংসদীয় উপ-কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 06:44 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার প্রথম বারের মত সংসদীয় উপ-কমিটির দুইজন এবং বন্দর উপদেষ্টা কমিটির দুই সদস্য বন্দরে আসেন।

এ সংক্রান্ত ফাইল পর্যালোচনা এবং অভিযোগ ওঠা কয়েকটি প্রকল্প এলাকাও ঘুরে দেখে সংসদীয় উপ-কমিটি। এছাড়া বন্দর কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন তারা।

মঙ্গলবার প্রথম দিনের কাজ শেষে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় উপ-কমিটির প্রধান সাংসদ এম এ লতিফ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কমিটির অপর দুই সদস্য হলেন- সাংসদ নুরুল ইসলাম ও সাংসদ আনোয়ারুল আজিম। তবে নুরুল ইসলাম অনুপস্থিত ছিলেন।  

এছাড়া বন্দর উপদেষ্টা কমিটির দুই সদস্য সাংসদ ফজলে করিম চৌধুরী ও শামসুল হক চৌধুরী তাদের সাথে ছিলেন।

কমিটির সদস্যরা বন্দরের পাঁচটি জাহাজ ও অ্যাম্বুলেন্স শিপ ক্রয়, কন্টেইনার স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা পদ্ধতিসহ বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তদন্ত করছেন।

কমিটি বন্দরের কেনা একটি খননযন্ত্র, কন্টেইনার টার্মিনাল জেটিতে নিজস্ব অর্থে কেনা তিনটি জাহাজ, বর্জ্য অপসারণকারী জাহাজ পরিদর্শন করেন।

জাহাজ পরিদর্শন শেষে সাংসদ এম এ লতিফ সাংবাদিকদের বলেন, “পুরনো জাহাজগুলো কেনার ক্ষেত্রে অনুমোদন নিয়েছে কি নেয়নি তা আমরা দেখছি।

“দ্বিতীয় কথায় এগুলোর ইউটিলিটি আসলে কতটুক সেটাও আমরা নিরূপণ করছি। আরেকটু গভীরে গিয়ে ইনকোয়ারির পরবর্তীতে কিছু বলতে পারব।

“আপাতত সবগুলো ভিজিট করছি। আমাদের দৃষ্টিতে যে বিষয়গুলো আপত্তিজনক সেগুলো নিয়ে আপনাদের জানাব।’’

তিনি সাংবাদিকদের বলেন, সরকার স্বচ্ছতার সাথে বন্দর পরিচালনায় সচেষ্ট। বন্দরের উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি স্বচ্ছতাও নিশ্চিত করতে হবে।

তদন্তের স্বার্থে একাধিকবার বন্দর পরিদর্শন করা হবে জানিয়ে চট্টগ্রামের বন্দর এলাকার সাংসদ লতিফ বলেন, দ্রুতই তদন্ত শেষ করা হবে।

এসময় কমিটির সঙ্গে থাকা বন্দর চেয়ারম্যান কমোডর নিজাম উদ্দিন আহমেদ বলেন, গত বছরে ২০১৪ সালের জানুয়ারি মাসের তুলনায় এবছর জানুয়ারিতে ১২ থেকে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ক্যাপাসিটি ও ক্যাপাবিলিটি আরও বৃদ্ধি পাচ্ছে।

“ক্রয়ের ক্ষেত্রে পিপিআর অনুসরণ করেই হয়। পিপিআরের ব্যত্যয় করে কোনোদিনই কেউ ক্রয় করে না। তবে অভিযোগ উঠতেই পারে। অভিযোগের তদন্তের পর বোঝা যাবে এটা সত্য বা মিথ্যা কি না।”

বন্দর চেয়ারম্যান বলেন, সংসদ সদস্যরা নথিপত্র দেখেছেন আরও কিছু নথি দেখবেন। তারপরই তারা বলবেন আসলেই যে অভিযোগ উঠেছিল সেগুলো আসলেই কি অভিযোগ, সত্য বা মিথ্যা।

বন্দর উপদেষ্টা কমিটির সদস্য ফজলে করিম চৌধুরী বলেন, “উপদেষ্টা কমিটির পক্ষে আমি ও সাংসদ শামসুল হক চৌধুরী এখানে আছি। এখন ক্রয় নিয়ে যেটা দেখছি, সেটা পুরো দেখার পরে বলতে পারব।”

তদন্তাধীন ছয়টি প্রকল্প হল- তিনটি পুরোনো জাহাজ ক্রয়, খননযন্ত্র ক্রয়, অ্যাম্বুলেন্স শিপ ক্রয়, কন্টেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি, নৌ চলাচল প্রযুক্তি পদ্ধতি ও বর্জ্য অপসারণের জাহাজ ক্রয়।

সম্প্রতি দরপত্রের মাধ্যমে প্রায় ৪৯ কোটি টাকায় তিনটি পুরোনো জাহাজ কিনেছে বন্দর কর্তৃপক্ষ। এর পাশাপাশি ২০ কোটি টাকায় একটি খননযন্ত্র এবং ২৩ কোটি ৯০ লাখ টাকায় একটি আম্বুলেন্স শিপ কেনা নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ছাড়া ৭১ কোটি টাকায় কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলেও কার্যত পুরোপুরি চলছে না। আবার সাড়ে ৪৫ কোটি টাকায় নৌ-চলাচল প্রযুক্তি চালু করা হয়। এই প্রকল্প বাস্তবায়নেও দুর্নীতির অভিযোগ আছে।

এর বাইরে বন্দরে জনবল নিয়োগেও দুর্নীতি রয়েছে বলে অভিযোগ।