২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রসূতি ও শিশু মৃত্যুর তদন্তে কমিটি

সিরাজগঞ্জ শহরে একটি হাসপাতাল ও একটি ক্লিনিকে চিকিৎসকের ‘ভুল’ চিকিৎসায় প্রসূতি ও শিশু মৃত্যুর পৃথক ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, সোমবার গঠিত এ দুই তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. আব্দুল আউয়ালকে প্রধান করে তিন সদস্যের একটি এবং বেসরকারি ক্লিনিক আভিসিনা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার রাতে সিরাজগঞ্জ পৌরসভার তত্ত্বাধবানে পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রজেক্টের নগর মাতৃসদন কেন্দ্রে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সময় এক প্রসূতির মৃত্যু হয়।

মৃত শহিদা খাতুন (৩০) সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামের ইয়ারব আলীর স্ত্রী।

অপরদিকে রোববার বিকালে আভিসিনা হাসপাতালে বগুড়ার ধুনট উপজেলার কাশিয়াহাটা গ্রামের পল্লী চিকিৎসক আবুল কালাম আজাদের মেয়ে আরিশা খাতুন (৩দিন) চিকিৎসা চলাকালে অক্সিজেনের অভাবে মারা যায়।