পিরোজপুরে জাল ডলারসহ যুবক আটক
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে জাল ডলারসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটক সেলিম হাওলাদার (৩০) ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি নাসির উদ্দিন মল্লিক জানান, আগের রাতে উপজেলার তুষখালী বাজারে এক হাজার মার্কিল ডলারসহ তাকে আটক করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার রাতে সেলিম তুষখালী বাজারে ডলার বিক্রি করতে আসেন। এ সময় বাজারের ব্যাসায়ীদের কাছে ডলারগুলো জাল বলে সন্দেহ হলে তারা সেলিমকে আটক করে থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল ডলারসহ তাকে আটক করে। এ ঘটনায় সেলিমের বিরুদ্ধে মঠবাড়িয়া থানার এসআই মো. ইকবাল হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে রোববার একটি মামলা করেছেন।
"সেলিম গাজীপুরে ন্যাশনাল ব্যাংকে চাকরি করার সুবাদে দীর্ঘদিন ধরে মঠবাড়িয়াসহ বিভিন্ন স্থানে জাল ডলার বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন," বলেন ওসি নাসির।
