২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরী ও স্ত্রীর অর্থের সন্ধানে কেন্দ্রীয় ব্যাংক

বিএনপি নেতা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

বিএনপি-জামায়াত জোটের চলমান নাশকতার পেছনে এই দম্পতির অর্থ যাচ্ছে কি না, তা জানতে সম্প্রতি গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চাওয়া হয়।

তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংককে চিঠি পাঠিয়ে এই দম্পতির ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানতে চেয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সাধারণত মুদ্রা পাচার, সন্ত্রাসে অর্থায়ন ও অবৈধভাবে অর্থ উপার্জনের বিষয় খতিয়ে দেখতে বিএফআইইউ ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে থাকে।

বিএফআইইউ থেকে গত ১৮ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিতে দেখা যায়, সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেনের তথ্য সব কাগজপত্রসহ পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে সালাউদ্দিন কাদের ও তার স্ত্রীর বাড়ির ঠিকানা হিসেবে কিউসি রেসিডেন্স, হাউজ নম্বর-২৮, রোড নম্বর-১০/এ, ধানমণ্ডি, ঢাকা উল্লেখ করা হয়েছে।

একাত্তরের যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি নিয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৩ সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় হয়। ওই রায়ের বিরুদ্ধে তার আপিল বর্তমানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন।

দলের যুদ্ধাপরাধী নেতাদের শাস্তির বিরুদ্ধে দুই বছর আগে থেকে সহিংস আন্দোলনে রয়েছে জামায়াত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডাকার পর বিভিন্ন স্থানে নাশকতা ঘটছে, যাতে দেড় মাসে একশ জনের মৃত্যু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাধিক গোয়েন্দা সংস্থা মনে করে, ২০ দলের চলমান সহিংস আন্দোলনে সালাউদ্দিন কাদের চৌধুরী বা তার স্ত্রীর অর্থায়ন থাকতে পারে। বিষয়টি যাচাই করার জন্য গোয়েন্দা সংস্থার পক্ষে তাদের ব্যাংক হিসাবের খোঁজ নেওয়া হচ্ছে।” 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধানদের ডেকে চলমান সহিংস আন্দোলনে অর্থায়ন করার জন্য কোনো পক্ষ যেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক করেছে।