ইবি খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসচাপায় এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় প্রায় তিন মাস ধরে বন্ধ ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় কুষ্টিয়া শহরের থানা মোড় বক চত্বরে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।
ফাইল ছবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক
মাস্টার্সের ছাত্র সামিউল ইসলাম অভিযোগ করেন, বাস দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ দীর্ঘ তিন মাস ধরে ক্যাম্পাস বন্ধ রাখার ফলে আমাদের শিক্ষাজীবন এক অনিশ্চিত অন্ধকারে নিক্ষিপ্ত হলেও ক্যাম্পাস খুলে দিতে কর্তৃপক্ষ নির্লিপ্ত ভূমিকা পালন করছে।
এ বিষয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান বলেন, অচল ক্যাম্পাসকে সচল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে গুরুত্বসহকারে আলাপ আলোচনা করছে।
“আশা করি, খুব শিগগিরই একটা ফলপ্রসু সিদ্ধান্তে পৌঁছে যাব এবং ক্যাম্পাস খুলে দেওয়া হবে,” বলেন তিনি।
