মে থেকে ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বিআরটিসির বাস
আগামী ২ মে পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে ভারতের শিলং-গুয়াহাটির পথে বিআরটিসির নতুন বাস সার্ভিস শুরু হচ্ছে।
সচিবালয়ে রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভায় জানানো হয়, ওয়াইফাই ও ট্রাকিং সিস্টেম সম্বলিত বিআরটিসির ২৬ থেকে ৩০ সিটের বাস পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে ভারতের শিলং-গুয়াহাটির পথে চলবে।
যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া নতুন এই রুটে চলাচলকারী যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা বাড়ানোর বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়।
বর্তমানে ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলা রুটে বাস চলাচল করছে।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এই সভায় উপস্থিত ছিলেন।
