২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ে নিহতদের তালিকা, গোলাপফুল

চলমান সহিংসতায় নিহত ৫৪ জনের একটি নামের তালিকা গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে টানিয়ে দিয়ে এসেছেন সহিংসতায় নিহত ও ক্ষতিগ্রস্তদের স্বজনরা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 05:30 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

সেইসঙ্গে ‘শান্তির বার্তা’ হিসাবে খালেদা জিয়ার জন্য তারা রেখে এসেছেন গোলাপ ফুল।

রোববার ‘আর কত লাশ চান আপনি বেগম খালেদা জিয়া’ শিরোনামে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়।

তিনি সাংবাদিকদের বলেন, “বিপন্ন মানবতার স্বার্থে আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচি। নামের তালিকাটি দিলাম, বেগম জিয়া যেন একবার হলেও চলমান সহিংসতার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন।

“সাথে গোলাপ ফুল দিয়েছি তাকে সম্মান ও শান্তির বার্তা দেওয়ার জন্য।”

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাহেরুল কবীর খান এ সময় পীযূষ বন্দ্যোপাধ্যায়কে বলেন, আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে তাদের যে নেতা-কর্মীরা ‘নির্যাতিত হয়েছেন’ তাদের নামের তালিকাও সঙ্গে দেওয়া উচিৎ ছিল।

“বার্ন ইউনিটে ঘুরে এসে যেমন তালিকা দিয়েছেন, তেমনি পঙ্গু হাসপাতাল পরিদর্শন করে এসে ওই তালিকাও দিন।”

সকালে গুলশান-২ নম্বর চত্বর থেকে কামাল আতাতুর্ক এভিনিউমুখী সড়কের এক পাশে নাট্যশিল্পী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান, চিকিৎসক, অনলাইন অ্যাক্টিভিস্ট, নারী উদ্যোক্তাদের ব্যানারে হরতাল-অবরোধের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে একটি দল সরকারদলীয় সাংসদ তারানা হালিমের নেতৃত্বে গুলশান ৮৬ নম্বর সড়কে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের দিকে পদযাত্রা করে।

তারা ৮৬ নম্বর সড়কে ঢোকার সময় পুলিশ বাধা দিলে তারানা হালিমের নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল ব্যানার ও গোলাপ ফুলের তোড়া নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে যান।

এ সময় পীযূষ বন্দ্যোপাধ্যায় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে অনুমতি না থাকার কথা বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

তারানা হালিম সাংবাদিকদের বলেন, “চলমান সহিংসতা দমনে সরকার ব্যর্থ নয়। প্রতিদিনই অনেকে গ্রেপ্তার হচ্ছে, পেট্রোল বোমা উদ্ধার হচ্ছে। সেই সঙ্গে মদদদাতাদের নামের তালিকাও পাওয়া যাচ্ছে। সরকার এ ব্যাপারে সচেষ্ট ও সক্ষম না হলে পরিস্থিতি অনেক ভয়াবহ হত।”

নাট্য ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কে এস ফিরোজ, গাজী রাকায়েত, জয়শ্রী কর, আফরোজা বেগম, জাহিদ হাসান ও ঝুনা চৌধুরী মানববন্ধনে উপস্থিত ছিলেন।