গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ইমাম আরেফিন জানান, রোববার সকালে গাজীপুরের পূবাইল ও আড়িখোলা স্টেশনের মাঝামাঝি কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা হয়।
ক্রসিংয়ের পাশের রাস্তা পার হতে গিয়ে ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার মাথা ও মুখমণ্ডল থেঁতলে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এসআই ইমাম আরও জানান, ওই নারীর পরনে খয়েরি রঙের সালোয়ার-কামিজ ছিল। তার পরিচয় জানা যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
