দিনাজপুরে বোমা মারতে গিয়ে শিবির নেতা গ্রেপ্তার
দিনাজপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলার সময় এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি।
কোতোয়ালি থানার ওসি এস এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাইপাস সড়কে একটি ট্রাকে আবু বক্করসহ ৪/৫ জন শিবিরকর্মী ইট ও পেট্রোল বোমা ছুড়ে মারে।
চালক ও তার সহকারী দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, ঘটনার সময় তারা (চালক ও তার সহকারী) চিৎকার দিলে পাশের টহল পুলিশ শিবিরনেতা আবু বক্করকে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়।
