অন্ধকার কাটাতে লাখো দীপশিখা
ধর্মান্ধতা থেকে মুক্তির প্রত্যাশায় লাখো মঙ্গল প্রদীপ জ্বালিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করেছে নড়াইলবাসী।
শনিবার সকালে শহীদ মিনারে ফুল দেওয়ার পর সন্ধ্যায় নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুরিডোব মাঠে হয় এই প্রদীপ প্রজ্জ্বলন।
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই স্লোগানে প্রতিবারের মতো এবারও শহীদ মিনার থেকে শুরু করে বর্ণমালা, জাতীয় স্মৃতি সৌধ ফুটিয়ে তোলা হয় আলোক শিখায়।
সেইসঙ্গে ভাষা দিবসের ৬৫তম বার্ষিকীতে ওড়ানো হয় ৬৫টি ফানুস, দাহ করা হয় ১০ যুদ্ধাপরাধীর কুশপুতুল।
নড়াইলে একুশ উদযাপন পর্ষদের এই আয়োজনে গণসঙ্গীত ও কবিতা আবৃত্তিও করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
পর্ষদের সভাপতি অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান বলেন, “সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতামুক্ত সুখী সুন্দর বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে আমাদের এই আয়োজন।”
পর্ষদের সদস্য সচিব কচি খন্দকার বলেন, “বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার কোনো স্থান নেই। একুশের এই মঙ্গল প্রদীপের আলোয় দূর হোক সকল অন্ধকার- এই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।”
আয়োজক কমিটির সদস্য সৈয়দ শান্ত জানান, এই বছর লক্ষাধিক মোমবাতি ও প্রদীপ জ্বালানো হয়েছে। এতে আর্থিকভাবে সহায়তা করেছে স্কয়ার গ্রুপসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান।
লাখো আলোক শিখায় মনোরম মাঠের দৃশ্য দেখতে বিকাল থেকে মাঠে ভিড় জমাতে থাকেন হাজার হাজার মানুষ।
তাদেরই একজন শহরের বরাশুলা এলাকার পারভীন আক্তার বলেন, “এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি।”
যশোর থেকে আসা বশির আহম্মেদ বলেন, “বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানটির কথা শুনেছি। তাই এ বছর দেখতে এলাম। খুব ভালো লাগছে।”
