২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তির’ আশা নিয়ে ছিটমহলে একুশ পালন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকায় অবস্থানের মধ্যে ‘বন্দি জীবন’ থেকে ‘মুক্তির’ আকাঙ্ক্ষা নিয়ে এবার একুশে ফেব্রুয়ারি পালন করেছে বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 08:07 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শনিবার একুশে ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ অংশের সাধারণ সম্পাদক গোলম মোস্তফা বলেন, “এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ সফরের সময়ে ব্যাপক উৎসাহ নিয়ে ছিটমহলের মানুষ দিবসটি উদযাপন করেছে।

“বন্দিদশা থেকে স্থায়ী মুক্তি মিলবে, ছিটমহলবাসী এই আশায় বুক বেঁধে আছেন।”

বাংলাদেশ-ভারতের স্থল সীমান্ত চুক্তি কার্যকরে ভারতের পার্লামেন্টে সংবিধান সংশোধন বিল এখনও পাস না হওয়ায় আটকে আছে ছিটমহল সমস্যার সমাধান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এক সময় স্থল সীমান্ত চুক্তির বিরোধিতা করলেও এখন তার সুর নরম।

ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা মমতা শনিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আশা দিয়েছেন, অচিরেই কেটে যাচ্ছে স্থল সীমান্ত চুক্তি কার্যকরের বাধা।

“৭৪ সালে মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তি নিয়ে সৃষ্ট সব সমস্যার সমাধান করে দিয়েছি। লোকসভায় তা জমা দেওয়া আছে। চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হওয়া লোকসভার অধিবেশনে তা পাস হবে বলে আশা করি।”

ওই চুক্তি কার্যকর হলে পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার ও জলপাইগুড়ি জেলায় বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের মধ্যে যাবে। আর বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশে অঙ্গীভূত হবে। ছিটমহলের বাসিন্দারা পছন্দ অনুযায়ী দেশ বেছে নিতে পারবেন।

শনিবার বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে অবস্থিত ১৬২টি ছিটমহলেই একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। দিনটিকে কেন্দ্র করে অধিকাংশ ছিটমহলে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।

বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে দাশিয়ারছড়া ছিটমহলে শহীদ মিনারের পাদদেশে সকালে সমাবেশ হয়।

এতে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, আমিনুর রহমান, আলতাফ হোসেন, মিজানুর রহমান, মোজাফ্ফর হোসেন ও ভারত ইউনিট থেকে আসা ডা. মন্টু ও কায়সার আহমেদ প্রমুখ।

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানান, তার নেতৃত্বে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনহাটা, মাথাভাঙ্গা এবং মেকলিগঞ্জ মহকুমার অধীন ছিটমহলে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তারাও অতি দ্রুত মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন করে ছিটমহল বিনিময়ের দাবি তুলেছেন।

ছিটমহলের অবস্থান

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ও জলপাইগুড়ি  জেলার অভ্যন্তরে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি এবং লালমনিরহাট জেলায় ৩৩টিসহ মোট ৫১টি ছিটমহল রয়েছে। এই ছিটমহলগুলোর আয়তন প্রায় ১১০ দশমিক ০২ একর।

অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে ভারতের কোচবিহার জেলার অধীনে ১১১টি ছিটমহল রয়েছে, যার আয়তন প্রায় ১৭ হাজার ১৫৮ দশমিক ০৫ একর। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি, এবং নীলফামারী জেলায় চারটি।

১৯৭৪ সালের শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাতে এসব ছিটমহল বিনিময় বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

এই চুক্তির আলোকে এ বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদে পাস হলেও ভারতীয় পার্লামেন্টে সংবিধান সংশোধনের ওই বিল এখনও পাস হয়নি।

পুরনো খবর:

মুক্ত হাওয়া শিস দিচ্ছে ছিটমহলে