২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতাকে স্বাগত জানিয়ে ছিটমহলে মিছিল

পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে আগমণকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে পঞ্চগড়ের কয়েকটি ছিটমহলে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শুক্রবার এসব কর্মসূচি থেকে মমতাকে স্বাগত জানানোর পাশাপাশি ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নে তার সহায়তাও কামনা করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে মমতা ঢাকা আসেন।

পঞ্চগড়ের বোদা উপজেলার পুটিমারি ছিটমহলের বাসিন্দারা জানান, দুপুরে উপজেলার জেমজুট মিল সংলগ্ন এলাকায় অবস্থিত ভারতীয় পুটিমারি ছিটমহলের বাসিন্দারা মিছিল করেন।

মিছিলটি ছিটমহলের বিভিন্ন এলাকাসহ পঞ্চগড়-ঢাকা মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে।

মিছিলে ছিটমহলের নেতৃবৃন্দ ও বাসিন্দারা অংশ নেন।

এ সময় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান এবং ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নে তার সমর্থন কামনা করেন।

মিছিল শেষে ছিটমহলের অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির পঞ্চগড় ও নীলমাফারী জেলার সভাপতি মফিজার রহমান বলেন, প্রথমে বিরোধিতা করলেও ছিটমহল বিনিময় চুক্তিতে মমতা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন। এজন্য আমরা আশাবাদী যে, দ্রুত তার সমর্থনে ছিটমহলের নাগরিকদের অমানবিক-অনিশ্চিত জীবনের অবসান ঘটবে।

শালবাড়ি ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, মমতার বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ছিটমহলবাসীরা নতুন করে আশার আলো দেখছে। তার সায় থাকলে ছিটমহল বিনিময়ের আর কোনো সমস্যা থাকবে না।

পুটিমারী ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দীন জানান, মমতাকে স্বাগত জানিয়ে গারাতি, শালবাড়িসহ বিভিন্ন ছিটমহলেও একই কর্মসূচি পালিত হয়েছে।

১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী দুই দেশের ১৬২টি ছিটমহল বিনিময়ের দীর্ঘদিনের দাবি বাংলাদেশ ও ভারতের ছিটমহলের বাসিন্দাদের।