২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রেন লক্ষ্য করে পেট্রোল বোমা

বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতার মধ্যে সিলেটমুখী ট্রেন কালনী এক্সপ্রেস লক্ষ্য করে হবিগঞ্জে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2015, 12:27 AM

Updated : 25 Apr 2022, 01:02 PM

বৃহস্পতিবার রাতে এই হামলার সময় ট্রেনটির চালক গতি বাড়িয়ে দ্রুত ওই এলাকা অতিক্রম করে হামলা এড়িয়েছেন বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের রশিদপুর আউটার সিগন্যাল এলাকায় এই হামলা হয় বলে কালনী এক্সপ্রেসের সহকারী চালক অনল বিশ্বাস মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছানোর পর সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, বাহুবল উপজেলার রশিদপুর আউটার সিগন্যাল এলাকায় ঢোকার সময় এক তরুণ ট্রেন লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা ছোড়ে। তখন তিনি ট্রেনের গতি বাড়িয়ে দ্রুত সিগন্যাল এলাকা ত্যাগ করেন।

এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

অবরোধ-হরতালের মধ্যে বুধবার রাতে চাঁদপুরে একটি ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়। তবে তাতে কেউ হতাহত হয়নি।

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসে বুধবার রাত ৩টার দিকে আগুন দেওয়া হয় বলে সহকারী স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন জানান।

তিনি বলেন, “ভোররাতে দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলের কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।”

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের পাশাপাশি রেলেও নাশকতার ঘটনা ঘটছে।

কোথাও রেল লাইন কেটে ফেলা, কোথাও ফিসপ্লেট খুলে নেওয়া, আবার কোথাও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।