২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গুলি করা ও রগ কর্তন, আসামি ৭১

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে গুলি করা ও যুবলীগ নেতার রগ কাটার ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবিরের ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

মতিহার থানার ওসি আব্দুর রউফ বলেন, বুধবার রাতে আহত যুবলীগ নেতা ইয়ামিনের বড় ভাই নূরুল আমিন বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।

ওসি রউফ জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুর বাজারে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মেহেদী হাসান ইয়ামিন (২৬) ও ছাত্রলীগকর্মী ইস্তিয়াক হোসেন ইশার (২৪)  উপর হামলা হয়।

তারা ইয়ামিনের হাত ও পায়ের রগ কেটে দেয় এবং ইশাকে গুলিতে আহত করে। 

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বিনোদপুর এলাকা থেকে শিবিরকর্মী জনিকে আটক করে। পরে তাকে নিয়ে তার সহযোগীদের আটক ও অস্ত্র উদ্ধারে তেরোখাদিয়া এলাকায় অভিযানে যায় পুলিশ।

তিনি বলেন, এ সময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনি বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়।  

বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন জনিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি রউফ।

আহত ইয়ামিন ও ইশাও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।