২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মধ্যরাতে বাসে বোমা হামলা, আহত ৮

চট্টগ্রামের টাইগার পাস রোডে যাত্রীবাহী মিনিবাসে হরতালকারীদের ছোড়া বোমায় আহত হয়েছেন কমপক্ষে আট যাত্রী, যাদের তিন জন অগ্নিদগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 01:30 AM

Updated : 25 Apr 2022, 01:02 PM

বুধবার রাত ১২টার দিকে কোতোয়ালি থানার টাইগার পাস রোডের পলোগ্রাউন্ড মাঠের অদূরে তিন নম্বর রোডের একটি বাসে এ হামলা হয়।

পুলিশ দাবি করছে ওই বাসে ককটেল হামলা করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলন্ত অবস্থায় বাসে ককটেল হামলার পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে।

এতে পাঁচ জন আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ওই ঘটনার পর টাইগার পাস ও রেলওয়ে সিআরবি এলাকায় ককটেল হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া জানান, টাইগারপাসের দুর্ঘটনায় আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- নুর মোহাম্মদ (৩০), রুপম দেবনাথ (২৫), মো. নাছির (৪০), মোহাম্মদ আলী (৩০), মো. সোহেল (২৫), সুভাষ সোম (৬৫), মোজাম্মেল হোসেন (২৬) ও ছাবের আহমদ (২৫)।

তিন জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।