নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকালে হালুয়াপাড়া এলাকায় এ হামলায় আহত দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নুরুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন নুরুজ্জামান।
তিনি বলেন, বিকালে মোটরসাইকেলে করে হালুয়াপাড়া এলাকায় এলে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় শান্ত, আফজাল ও তুহিনসহ ৫-৬ জন হকিস্টিক ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।
তারা হকিস্টিক দিয়ে পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে বাম হাতে কোপায়। এছাড়া দেহের বিভিন্ন স্থানে জখম করা হয় তাকে।
ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার এসআই মিনহাজ বলেন, এ ঘটনায় সাংবাদিক নুরুজ্জামানের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
নুরুজ্জামান মানবজমিনের বন্দর প্রতিনিধি ছাড়াও সোনারগাঁ-ঢাকা রুটে চলাচলকারী দোয়েল পরিবহনের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তার স্ত্রী রুমা বেগম।
