২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে হাতবোমায় শিক্ষিকা আহত

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে রাজধানীর শাহবাগ মোড়ে হাতবোমা বিস্ফোরণে এক স্কুলশিক্ষিকাসহ দুজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 08:04 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও আহতরা জানিয়েছে।

আহত সেলিনা আক্তার (৩৫) মোহাম্মদপুর কমার্শিয়াল স্কুল ও কলেজের শিক্ষিকা।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

সেলিনা হাসপাতালে সাংবাদিকদের বলেন, খিলগাঁও গোরান এলাকার বাসা থেকে বইমেলায় এসেছিলেন তিনি।

বইমেলা থেকে বেরিয়ে হেঁটে শাহবাগ মোড়ে যাওয়া মাত্র হাতবোমা ফাটার শব্দ পান তিনি। এরপর দেখেন, তার বাম পা দিয়ে রক্ত ঝরছে।

পথচারীরা সেলিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেলিনার পাশাপাশি আব্দুস সালাম (৩৬) নামে আরেকজন এই বিস্ফোরণে আহত হন। তিনি একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। তার কপালে বোমার স্প্লিন্টার লাগে।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, সালাম চিকিৎসা নিয়ে চলে গেছেন।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি চলছে। এতে অনেকে আহত হয়েছেন।