২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করবে কানাডা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কানাডার নতুন দূত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 09:25 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন হাই কমিশনার বেনোয়া-পিয়ের লাহামি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “দেশের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের প্রশংসা করেন কানাডার রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করার কথাও বলেছেন তিনি।”

প্রেস সচিব বলেন, “বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আরো সহযোগিতা দেওয়ার কথাও বলেছেন বেনোয়া-পিয়ের লাহামি।”

এসময় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে কানাডা থেকে বিনিয়োগ আসবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

২০২১ সালের মধ্যে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে কানাডা সহায়তা করবে বলেও জানান হাই কমিশনার।

নতুন হাই কমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।