২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সেই ডাকোটা বিমানবাহিনীর জাদুঘরে

ভারতের কাছ থেকে উপহার হিসাবে পাওয়া মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা উড়োজাহাজটি রাখা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর যাদুঘরে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 06:33 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের পাঁচ দিন আগে এ উড়োজাহাজটি ব্যবহার করেই টাঙ্গাইলে ভারতীয় ছত্রীসেনা নামানো হয়েছিল।

ভারতীয় হাই কমিশন জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর আনুষ্ঠানিক অনুরোধে সাড়া দিয়ে ভারতীয় বিমানবাহিনী গতবছর সেপ্টেম্বরে উড়োজাহাজটি উপহার দেয়।

ভারতের পালাম বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানে ভারতীয় বিমানবাহিনীর পশ্চিমাঞ্চলীয় অধিনায়ক এয়ার মার্শাল এস এস সোমান সফররত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারির কাছে উড়োজাহাজটি হস্তান্তর করেন।

এতোদিন নয়া দিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর জাদুঘরে থাকা এই ডাকোটা উড়োজাহাজের বিভিন্ন অংশ আলাদা করে সম্প্রতি একটি গ্লোবমাস্টার বিমানে করে বাংলাদেশে আনা হয়। এরপর ঢাকায় আবার সেটি জোড়া দিয়ে সোমবার বসানো হয় তেজগাঁওয়ে বিমানবাহিনীর জাদুঘরে।   

১৯৪৭-৪৮ সালে শ্রীনগর যুদ্ধে সেনা অবতরণের সময়ও ঐতিহাসিক এই ডাকোটা উড়োজাহাজ ব্যবহৃত হয়েছিল।

এই বিমানটি চালিয়েই উইং কমান্ডার মেহের সিং তিব্বত ও সিন্ধু অববাহিকা এলাকার মধ্যবর্তী লেহ অঞ্চলে সাড়ে ১১ হাজার ফুট উপরে প্রথমবারের মতো অবতরণ করেন।

১৯৭১ সালের সেপ্টেম্বরে ভারতের নাগাল্যান্ডে যখন বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রা শুরু হয় তখন এ বাহিনীর হাতে ছিল একটি ডাকোটা ডিসি-থ্রি, একটি অটার উড়োজাহাজ এবং একটি হেলিকপ্টার।