২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আরেকটি বাসে আগুন

বিএনপি জোটের অবরোধের মধ্যে হরতাল চলাকালে গাজীপুর নগরীতে একটি বাসে আগুন দেওয়ার কয়েকঘণ্টা পর দুপুরে আরেকটি বাস জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 05:01 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে চালকসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। তবে, কেউ দগ্ধ হয়নি।

আহতেদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

এদিকে ওই ঘটনার ছবি তুলতে গেলে স্থানীয় এক হোটেল কর্মচারীকে আটক করেছে পুলিশ।

আটক মো. রায়হান (১৫) কুমিল্লার মুরাদনগর থানার দীঘিরপাড় পূর্বপাড়া এলাকার মনির  হোসেনের  ছেলে।  

জয়দেবপুর থানার পরিদর্শক মো. মাহফুজুর রহমান জানান, দুপুরে চান্দনা-চৌরাস্তা এলাকার চান্দনা উচ্চ বিদ্যালয়ের সামনে কালিয়াকৈর পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতালকারীরা। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে বাসের চালকসহ অন্তত পাঁচ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই পুলিশ ও  স্থানীয়রা আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশকিছু সিট পুড়ে গেছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে সোমবার ভোর রাতে তেলিপাড়া এলাকায় পার্কিং করা শ্রমিকবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আগুন নেভায়।