ঢাকা-বগুড়ায় পেট্রোল বোমাসহ শিবির নেতা-কর্মী গ্রেপ্তার
২০ দলের অবরোধ-হরতালে নাশকতার মধ্যে ঢাকা ও বগুড়ায় ১৮টি পেট্রোল বোমাসহ ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, রোববার ঢাকার উত্তরা থেকে আটটি পেট্রোল বোমাসহ শিবিরের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। বগুড়ার শেরপুর উপজেলার একটি মেস থেকে ১০টি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয় একজনকে।
উত্তরা থেকে গ্রেপ্তার চারজনের মধ্যে শিবিরের বিমানবন্দর থানা শাখার সভাপতি এনামুল হক রয়েছেন। অন্য তিনজন হলেন আব্দুল হান্নান, ইকবাল হোসেন ও হাবিবুর রহমান।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশিনার রবিউল আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণখানের কাওলা কিডস কিন্ডার গার্টেন একাডেমিতে আভিযান চালিয়ে এনামুলকে গ্রেপ্তার করা হয়।
“পরেতার তিন সহযোগীকে পূর্ব আশকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মেস থেকে আটটি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয়।”
বগুড়ার শেরপুর পুলিশ বিকালে উপজেলার হামছাপুর এলাকায় শিবির নিয়ন্ত্রিত এক মেসে অভিযান চালায়। সেখানে গ্রেপ্তার রবিউল হাসান (২৭) শেরপুর উপজেলার সাপুবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয়। সেখানে ১০টি পেট্রোল বোমার পাশাপাশি জিহাদি বই ও শিবিরের চাঁদা আদায়ের রশিদও পাওয়া গেছে।
নাশকতার উদ্দেশ্যে ওই সব পেট্রোল বোমা তৈরি করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের লাগার অবরোধে বিক্ষিপ্তভাবে পেট্রোল বোমা ছুড়ে গাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে। এতে অগ্নিদগ্ধ হয়ে ইতোমধ্যে অর্ধ শতাধিক নিহত হয়েছেন।
