ময়মনসিংহে পুলিশের গুলিতে ‘ছিনতাইকারী’ নিহত
ময়মনসিংহ শহরে মধ্যরাতে পুলিশের গুলিতে এক ‘ছিনতাইকারী’ নিহত হয়েছেন।
রোববার রাত ৩টার দিকে শহরের পাদ্রি মিশন রোডে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম জানান।
তবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি জানান, মাসকান্দা বিসিক এলাকার বন্ধন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল ওয়াহাব কাজ শেষে রাতে রিকশায় করে বলাশপুর পালপাড়ায় নিজের বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।
“ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে মোবাইল ফোন ও আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়।”
আহত ওয়াহাবের কাছ থেকে ঘটনা জানার পর পুলিশের একটি দল দ্রুত ওই এলাকায় যায়।
“অভিযানের এক পর্যায়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ শটগানের গুলি চালায়। এ সময় এক ছিনতাইকারী আহত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”
আহত ব্যবসায়ীকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
