সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ ‘অবরোধ সমর্থকের’ মৃত্যু
বিএনপি জোটের অবরোধে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নুনাছড়া এলাকায় টহল গাড়িতে হামলার পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
শনিবার রাতে এ ঘটনার পর আহত অবস্থায় পাঁচ হামলাকারীকে আটকের পর একজন মারা যান। গ্রেপ্তারকৃতরা ২০ দলীয় জোটের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১২টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আরিফকে (২২) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহতরা হলেন- রুবেল (২০), সোহেল (২২), হাবিব (২০) ও পারভেজ (১৮)।
রাত ৯টার দিকে ওই হামলার পর গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি এলজি, তিন রাউণ্ড গুলি, ১০টি ককটেল, দুইটি পেট্রোল বোমা ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সময় নুনাছড়া এলাকায় রাস্তার পাশের বিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা।
“হামলাকারীরা গুলি চালালে টহল দলের সদস্যরাও গুলি চালায়। পরে সড়কের পাশের বিল থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।”
ওসি ইফতেখার হাসান বলেন, হামলাকারীরা ২০ দলীয় জোটের নেতাকর্মী। হামলায় অংশ নেওয়া অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের চেয়ারম্যান ঘাটায় হরতালকারীদের ছোড়া পেট্রোল বোমায় একটি ট্রাক পুড়ে যায়।
মহাসড়কের সোনারগাঁও পেট্রোল পাম্পের সামনে ট্রাকটিতে পেট্রোল বোমা ছুড়লে এতে আগুন ধরে যায় বলে জানান সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে।
