বাংলাদেশে গণতন্ত্রের সহযোগী হতে চায় এনডিআই
বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক সংস্থা।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের (এনডিআই) প্রেসিডেন্ট কেনেথ ওলাক তার কার্যালয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন।
বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, উগ্রবাদ ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তেরর এনডিআই নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেয়।
বৈঠকে জিয়াউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।
আওয়ামী লীগের জন্ম ও ১৯৭৫ পরবর্তী সামরিক শাসকদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে এনডিআই প্রধানকে অবহিত করেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।
তিনি জানান, সামরিক শাসকরা সুচিন্তিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারীদের সুরক্ষা দিয়েছে এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলোকে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত করেছে।
“বাংলাদেশের মানুষ গোড়া থেকেই ধর্মনিরপেক্ষ এবং ঐতিহ্যগতভাবে সব ধর্মের মানুষ বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে।”
এ সময় কেনেথ ওলাক বাংলাদেশের বর্তমান সংকট সমাধানের উপায় খুঁজে বের করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশ পর্যায়ক্রমে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে।”
তিনি বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে এনডিআইয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এনডিআই প্রধানের কাছে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা ও প্রাসঙ্গিক প্রেক্ষাপট তুলে ধরেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।
“উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার বাংলাদেশের মানুষের জীবনযাত্রার গুণগত মান্নোনয়নে কাজ করছে।”
এনডিআইয়ের সিনিয়র অ্যাসোসিয়েট ও এশিয়া বিভাগের পরিচালক পিটার এম মানিকাস এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মিশন কাউন্সিলর (রাজনৈতিক) নাঈম উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
