নোয়াখালীতে হাতবোমা ফাটিয়ে যানবাহন ভাংচুর, আটক ১
টানা অবরোধে নোয়াখালীর সেনবাগে ঝটিকা মিছিল থেকে হাতবোমা ফাটিয়ে যানবাহন ভাংচুরের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ২০ দলের নেতাকর্মীরা।
সেনবাগ থানার ওসি মোস্তফা কামাল জানান, শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ছমির মুন্সিরহাট ও সেবারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে ছমির মুন্সিরহাট ও সেবারহাটে ঝটিকা মিছিল বের করে ফেনী-চৌমুহনী সড়কে পরপর কয়েকটি হাতবোমা ফাটায় ২০ দলের কর্মীরা। এরপর ৪/৫টি যানবাহনের কাচ ভাংচুর করলে পুলিশ গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে।
এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শটগান থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এর আগে বেলা ১২টার দিকে সেনবাগ উপজেলা সদরেও ঝটিকা মিছল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ২০ দলের কর্মীরা যানবাহন ভাংচুর করে বলে সেনবাগের ওসি মোস্তফা কামাল জানান।
