রাজশাহীতে ট্রেন চলাচল শুরু, নাশকতায় গ্রেপ্তার ২
রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় বগি লাইনচ্যুত হয়ে বন্ধ হওয়ার ১৫ ঘণ্টা পর রাজশাহীতে ট্রেন চলাচল শুরু হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ হোসেন জানান, উদ্ধার কাজ শেষে শনিবার বেলা আড়াইটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে রেল লাইনে এ নাশকতায় জড়িত সন্দেহে জামায়াতের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, রেল লাইনে নাশকতার অভিযোগে জামায়াতের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার নবীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, উপজেলার পাকড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হযরত আলী এবং একই এলাকার জামায়াত কর্মী ইলিয়াস আলী (৪৮)।
রাজশাহী রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ভোর ৫টার দিকে আমনুরা জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগর স্টেশনের ৫০০ মিটার দূরে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল।
