চাঁদপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই আরোহী।
নিহত মো. বাচ্চু শেখ (৭০) সদর উপজেলার বহরিয়া সুরুজ গেট এলাকার বাসিন্দা।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, শনিবার দুপুরে উপজেলার বহরিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ওসি কাইয়ুম বলেন, দুপুরে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে ব্যাটারিচালিত ওই অটোরিকশা যাত্রী নিয়ে বহরিয়া যাচ্ছিল। পথে আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাচ্চু শেখ ঘটনাস্থলেই মারা যান।
আহত তাজুল ইসলাম (৫০) ও সেলিম ভূঁইয়া (৪৫) স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেনে। তারাও বহরিয়া সুরুজ গেট এলাকার বাসিন্দা।
