রোকেয়ায় ভিসির অপসারণ দাবিতে অনশন: অসুস্থ ৯
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) অপসারণ ও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে আমরণ অনশন অব্যাহত রয়েছে।
এদিকে অনশনের পঞ্চম দিন বৃহস্পতিবার দুই শিক্ষকসহ নয়জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান আন্দোলনরত শিক্ষক পরিমল চন্দ্র বর্মণ।
এরা হলেন সহকারী অধ্যাপক এইচএম তারিকুল ইসলাম, প্রভাষক তাবিউর রহমান প্রধান, শিক্ষার্থী শাহজাহান আলী, মিল্লাদ হাসান ও হাবিবুর রহমান, কর্মচারী আসাদুজ্জামান কবির ও আব্দুল মালেক।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক শাহরিয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন ধরে কিছু না খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। সকাল থেকে তাদের স্যালাইন দিয়ে রাখা হয়। অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে আমরণ অনশন শুরু করেন ‘সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
‘সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর সদস্য সচিব পরিমল চন্দ্র বর্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। উপাচার্য আমাদের দাবির প্রতি কর্ণপাত করেননি। বরং উপাচার্যের অনুগত কয়েকজন কর্মচারী আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের পিটিয়েছে।”
তিনি বলেন, “এখন একটাই দাবি উপাচর্যের অপসারণ। তার অধীনে আমরা কেউ কাজ করব না। কাউকে কাজ করতেও দেওয়া হবে না।”
ঢাকায় অবস্থানরত উপাচার্য এ কে এম নূর উন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকদের অনেক দাবি পূরণ করা হয়েছে। কিছু দাবি পূরণের বিষয়টি প্রক্রিয়াধীন। সেটা জানার পরও তারা অযৌক্তিক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়কে অচল করার প্রচেষ্টা চালাচ্ছেন।”
