মহেশপুর সীমান্তে নিহত ২ লাশ ফেরত
ঝিনাইদহের মহেশপুরের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার তাদের ফেরত দেওয়ার আগে পতাকা বৈঠকে বিএসএফ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
সীমান্তের ৫১/৬ এস মেইন পিলারের পাশে জিরো লাইনে সকাল ১১টা থেতে দুপুর ১টা পর্যন্ত পতাকা বৈঠক হয়।
পতাকা বৈঠক শেষে বিজিবির যাশোর-২৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটবে না বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বিএসএফ।
পতাকা বৈঠকে বিজিরি পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ২৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে এস শুক্লা।
লে. কর্নেল জাহাঙ্গীর আরও জানান, বৈঠকের পর বিজিবির পক্ষে লাশ গ্রহণ করেন সামন্তা কোম্পানি কমান্ডার সুবেদার রফিক উদ্দিন। লাশ হস্তান্তার করেন বিএসএফের রোনঘাট কোম্পানি কমান্ডার এসি সুরন্দর সিং।
বুধবার ভোরে ভারতের কাশীপুর ক্যাম্পের বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন, আহত হন একজন। নিহতরা হলেন মহেশপুর উপজেলার জলুলী গ্রামের ফয়েজ উদ্দিন ও লেবুতলা গ্রামের আমিরুল ইসলাম।
