নাশকতায় ক্ষতিগ্রস্ত গাড়িমালিকদের জন্য সাড়ে ৬ কোটি টাকা
বিএনপি জোটের অবরোধ ও হরতালে পরিবহন খাতে ক্ষতিগ্রস্তরা সাড়ে ৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার সচিবালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান।
গত ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ঘোষণার পর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর ঘটছে।
বিএনপি জোটের কর্মসূচির মধ্যে গাড়ি চালাতে পরিবহন মালিক-শ্রমিকদের গাড়ি চালাতে উৎসাহিত করে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের প্রতিশ্রতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
ওবায়দুল কাদের বলেন, অবরোধের মধ্যে এই পর্যন্ত ১২শ’র মতো গাড়ি ভাংচুর ও পোড়ানো হয়েছে। এর মধ্যে বিআরটিসির কয়েকটি বাসও রয়েছে।
“প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, প্রাথমিকভাবে সাড়ে ৬ কোটি টাকা দেওয়া হবে, তালিকা পেয়ে অলরেডি বরাদ্দ করা হয়েছে, তাদের কাছে এ টাকা খুব শিগগিরই পৌঁছে যাবে।”
অবরোধ-হরতালে নাশকতায় এ পর্যন্ত ৪০ জন গাড়িচালক ও চালকের সহকারী নিহত হয়েছেন বলে সড়কমন্ত্রী জানান।
অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গেছেন, তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীনদেরও ১০ লাখ করে টাকার সঞ্চয়পত্র একদিন আগে দিয়েছেন প্রধানমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সড়কে চলাচল নির্বিঘ্ন করতে সরকার সব পদক্ষেপ নিয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি সড়ক ও মহাসড়কগুলোতে আনসার সদস্যরা কাজ করছে।
রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার নেতৃত্বাধীন ডেনমার্কের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর নাশকতার ক্ষতিপূরণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, “তারা মূলত অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলেছেন। চট্টগ্রাম পোর্টের উন্নয়ন, সোনাদিয়া পোর্ট এবং পায়রা পোর্টের সড়ক সংযোগ উন্নয়নে কিভাবে অংশ নিতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।”
