২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার অভিযোগে চট্টগ্রামে যুবদল, না. গঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিরোধী জোটের হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে চট্টগ্রামে এক যুবদল এবং নারায়ণগঞ্জে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 03:07 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

চট্টগ্রামে গ্রেপ্তার মো. জসীম (৩০) বাকলিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক।নারায়ণগঞ্জে গ্রেপ্তার মাসুকুল ইসলাম রাজীব জেলা ছাত্রদলের আহ্বায়ক।

বাকলিয়া নয়া মসজিদ এলাকা থেকে বুধবার রাতে জসিমকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, জসীমের বিরুদ্ধে শাহ আমানত ব্রিজ এলাকায় ককটেল হামলা ও তুলাতলীতে গাড়ি ভাংচুরসহ দুটি নাশকতার মামলা আছে।

“জসীম দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর বুধবার তার বাসায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।”

এছাড়া বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের মোট নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন ইসলামী ছাত্র শিবিরের, চারজন জামায়াতের ও চারজন বিএনপির কর্মী।

এদিকে বৃহস্পতিবার দুপুরে জামায়াত ইসলামীর সহযোগী শ্রমিক সংগঠন ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন’র এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগরীর চকবাজার এলাকা থেকে।

গ্রেপ্তার লুৎফর রহমান (৫০) শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম নগর শাখার সভাপতি বলে পুলিশ জানায়। 

মহানগর পুলিশের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নিজ বাসা থেকে লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লুৎফরের বিরুদ্ধে নাশকতাসহ নানা অভিযোগে ১৫টি মামলা আছে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার বাসা থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয় ছাত্রদল নেতা রাজীবকে।

জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরফুদ্দিন বলেন, পেট্রোল বোমাসহ বুধবার রাতে গ্রেপ্তার ছাত্রদলকর্মী রফিকুল ইসলাম ও গাজী মিয়ার স্বীকারোক্তির ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকায় রফিক ও গাজীকে একটি পেট্রোল বোমাসহ গ্রেপ্তার করা হয়।

“রফিকুল ও গাজী জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাজীবের পরিকল্পনা ও নির্দেশনায় নাশকতার জন্য তারা পেট্রোল বোমা বহন করছিল,” বলেন এসএসপি শরফুদ্দিন।

রাজীবের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতা, ভাংচুর ও অগ্নিসংযোগের বেশ কয়েকটি মামলা রয়েছে  বলে তিনি জানান।