২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বোমাবাজকে একাই আটকালেন নারী এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় পেট্রোল বোমার ব্যাগ ফেলে পালানোর সময় দুই মোটরসাইকেল আরোহী যুবককে জাপটে ধরে আটক করেছেন এক নারী এএসআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 10:54 AM

Updated : 22 Aug 2022, 11:42 AM

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানার লামাপাড়ায়  ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে তাদের ধরা হয় বলে ফতুল্লা থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

আটকরা হলেন- শহরের উত্তর মাসদাইর এলাকার হাজী আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও সবদার আলীর ছেলে গাজী (৩২)।

দুজনই ছাত্রদল কর্মী বলে  জানিয়েছেন ওসি আসাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদা খানমের নেতৃত্বে পুলিশ রাতে ওই এলাকায় টহলে ছিল।

“পুলিশ সদস্যরা মোটরসাইকেলআরোহী দুই যুবককে থামার সংকেত দিলে তারা দুটি ব্যাগ ছুড়ে ফেলে পালানোর চেষ্টা করে। এসময় এএসআই ফরিদা দুজনকে জাপটে ধরে ফেলেন।”

দুটি ব্যাগের একটি রাস্তার পাশে ডোবায় এবং অন্যটি রাস্তায় পড়ে জানিয়ে ওসি বলেন, রাস্তায় পড়া ব্যাগে একটি পেট্রোল বোমা পাওয়া যায়।