নিরপরাধদের প্রতি বর্বর সহিংসতা গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত
বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে ‘অত্যন্ত বর্বরভাবে নিরপরাধ মানুষকে লক্ষ্য’ করে চলমান সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন।
তিনি বলেছেন, “আমরা অগ্রহণযোগ্যকে মেনে নিতে পারি না: সহিংসতার এই নারকীয় তাণ্ডব বন্ধ করতে হবে।”
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বার্ন ইনস্টিটিউট পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
অবরোধের মধ্যে গাড়িতে পেট্রোল বোমার আঘাতে ও অগ্নিসংযোগে দগ্ধ মানুষদের সরেজমিনে এবং বার্ন ইউনিটে ইইউয়ের পক্ষ থেকে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে যান রাষ্ট্রদূত।
তিনি বলেন, এই সফরে তিনি ও তার সহকর্মীরা “একটি ভীতিকর বাস্তবতার বাজে চিত্র” দেখেছেন।
দগ্ধদের সেবারত চিকিৎসকদের কাজে সন্তুষ্টি প্রকাশ করে বিশেষভাবে যুবকদেরসহ সব দগ্ধদের প্রতি সমবেদনা ও সংহতি জানান।
মায়াদন বলেন, “বিশ্বব্যাপী সহিংসতার শিকারদের পাশে রয়েছে ইইউ।”
“বেশির ভাগ ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা আমাদের মানবিক বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে হস্তক্ষেপ করি। তবে মানবসৃষ্ট দুর্যোগেও আমরা রয়েছি।
“এখানেও ওই অবস্থা বিরাজ করছে: নিরপরাধ মানুষ বর্বর সহিংসতার শিকার হয়েছে।”
আন্তর্জাতিক সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ইইউ সহযোগিতা করে থাকে।
বার্ন ইউনিটে দগ্ধদের মনস্তাত্ত্বিক সহায়তা কর্মসূচিতে অংশগ্রহণরত এমএসএফের ‘নিবেদিত দল’ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এর আগে এক বিবৃতিতে অবরোধের মধ্যে সহিংসতা ও বিপর্যয়ের মধ্যে অনেক মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে ইইউ।
২৮ দেশের এই জোট বলেছে, সহিংসতা পরিহার করে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে প্রকৃত অর্থে সংলাপের মাধ্যমেই ‘গণতন্ত্র জোরদারের’ পথ খোলা যায়।
গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তির দিন নতুন নির্বাচনের দাবিতে দেশজুড়ে লাগাতার অবরোধ ডাকে বিএনপিসহ বিরোধী জোট।
