২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘গোলাগুলিতে’ গ্রেপ্তার একজন আহত

চট্টগ্রামে ‍পুলিশ ফাঁড়িতে হামলা মামলার এক আসামিকে সঙ্গে করে অস্ত্র উদ্ধারে গিয়ে তাকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে ফিরেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, হত্যাসহ বিভিন্ন মামলার আসামি কামরুল হাসান টিটুকে নিয়ে সোমবার রাত ১টার দিকে নোয়াপাড়া সূর্যসেন পল্লী এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা গুলি ছোড়েন।

গুলিতে দুই পুলিশ সদস্যও সামান্য আহত হন বলে জানান তিনি।

দুই পায়ে গুলিবিদ্ধ কামরুলকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি প্রদীপ বলেন,  ১৯৯৬ সালে নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে হামলা মামলার অন্যতম আসামি কামরুল হাসান। তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অপহরণ ও ডাকাতিসহ মোট ১৬টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

সোমবার বিকালে নোয়াপাড়া থেকে গ্রেপ্তারের রাতে অভিযানে যায় পুলিশ।

“রাত ১টার দিকে সূর্যসেন পল্লী এলাকায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে কামরুল হাসান পায়ে গুলিবিদ্ধ হন।”

পরে  সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি পেট্রোল বোমা ও দুটি গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি।