২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পেট্রোল বোমা: গ্রেপ্তার আরও ৩

অবরোধের মধ্যে হরতালে গাইবান্ধা সদরে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান জানান, শনিবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে এ ঘটনায় জড়িত অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে এ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী ওই বাসে পেট্রোল বোমা ছোড়ে অবরোধ সমর্থকরা। ঘটনার রাতেই পাঁচজন মারা যান। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও তিনজন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে অনেকের বিরুদ্ধে জেলার ছয় থানায় বিভিন্ন নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

এক মাসের বেশি সময় ধরে চলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে যানবাহনে ছোড়া পেট্রোল বোমায় পুড়ে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতের ঘটনায় দগ্ধ ১৮ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে সদর থানার এসআই মাহবুবুর রহমান রহমান বাদী হয়ে শনিবার একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ২৮/৩০ জনকে আসামি করা হয়েছে।