২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-চাচার দ্বন্দ্ব, শিশু হত্যার অভিযোগ

লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

মৃত ইয়াছিন আলী (১১) কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়াচওড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবহান জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড় কমলাবাড়ি গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

"শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।"

থানার এসআই আমিনুল ইসলাম জানান, পৈতৃক জমির বন্টন নিয়ে মৃত ইয়াছিনের বাবা রুহুল আমিন ও চাচা আবু তাহেরের মধ্যে বেশ কয়েকমাস ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার রাতের খাবার শেষে ঘরে শুয়ে পড়ে ইয়াছিন। সকালে ঘরের দরজা খোলা থাকলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির এক পর্যায়ে চাচা আবু তালেবের ঘরের পিছনে ইয়াসিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।

এরপর পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

ইয়াসিনের বাবা রুহুল আমিনের দাবি, আবু তাহের ক্ষিপ্ত হয়ে তার ছেলে ইয়াছিনকে হত্যা করেছে।

অপরদিকে নিজেই সন্তানকে মেরে তাকে ফাঁসানোর জন্য ঘরের পিছনে ইয়াসিনের লাশ রেখেছে বলে দাবি করেন তার চাচা আবু তাহের।