সহিংসতার বিরুদ্ধে সংহতি বুয়েটে
অবরোধে পেট্রোল বোমা হামলায় সাধারণ মানুষ হত্যা বন্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে স্বেচ্চার হওয়ার আহ্বান জনিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা।
শনিবার দুপুর ১টার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সামনে এক মানববন্ধনে এ আহ্বান এসেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ব্যানারে রাজনীতির নামে সন্ত্রাসের মাধ্যমে পেট্রোল বোমা হামলা করে নিরীহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে এই মানবন্ধনে আয়োজন করা হয়।
বুয়েটের রাসায়ন বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “অবরোধ ডেকে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। কারো বাবা কারো মা ও কারো ভাই বোন আগুনে পুড়ে মরছে। এরা কেউ কোন রাজনৈতিক দলের না। তাদেরকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করা হয়েছে।”
অবরোধ শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে জানিয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা শুরু হয়েছে কিন্তু যে কোমলমতি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা সেন্টারে আসা যাওয়া নিয়ে বাবা মায়ের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে, তার সন্তান পরীক্ষা দিতে গিয়ে ফিরবে কিনা? বর্তমানে দেশে এই পরিস্থিতি দেখে আমাদের মনে মধ্যে একটা ক্ষোভ জাগে, স্বাধীনতার ৪৩ বছর পরে আমরা এই বাংলাদেশ চেয়েছিলাম?
এ সময় তিনি নিজেদের অবস্থান থেকে সন্ত্রাসকে রুখে দাঁড়াতে সবার প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানান।
পুর কৌশল বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বলেন, রাজনীতির নামে হরতাল অরবোধ মানুষকে হত্যা দেশে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, তা আমাদের সম্মিলিত প্রচেষ্টাই রুখে দিতে পারে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বুয়েটের পুর কৌশল বিভাগের অধ্যাপক মাহাফিজুর রহমান, অধ্যাপক আব্দুল জব্বার খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচায অধ্যাপক মোনাজ আহমেদ, অধ্যাপক কায়েস বিন জামানসহ দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
