চট্টগ্রামে ভেড়ার অনুমতি পায়নি উত্তর কোরীয় জাহাজ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা থাকায় উত্তর কোরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজকে চট্টগ্রাম বন্দরে ভেড়ার অনুমতি দেয়নি বাংলাদেশ।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এমভি জং ডি ওয়ান নামের ওই কার্গো ভেসেলটিকে বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
জাহাজটির বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো না হলেও এ বিষয়ে আলোচনায় ছিলেন এমন একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর কোরিয়ার ওশান মেরিটাইম ম্যানেজমেন্ট কোম্পানি ওই জাহাজের মালিক।
ভিয়েতনাম থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে জাহাজটি সকালে বাংলাদেশ ভেড়ার অনুমতি চায়। কিন্তু উত্তর কোরিয়ার কোম্পানি হিসাবে ২০০৯ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জারি করা নিষেধাজ্ঞার আওতায় থাকায় সন্ধ্যায় অনুমতি প্রত্যাখ্যাত হওয়ার খবর আসে।
নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্য পরিবহনের অভিযোগে গত বছর জুলাইয়ে ওশান মেরিটাইম ম্যানেজমেন্ট কোম্পানিকেও এর আওতায় আনা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে কিউবা থেকে উত্তর কোরিয়ায় অস্ত্র পরিবহনে ওই কোম্পানির সংশ্লিষ্টতা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওই জাহাজের ধারণ ক্ষমতা ৩৭ হাজার টন হলেও সেটি ৪৩ হাজার টন সিমেন্ট ক্লিংকার নিয়ে বন্দরে ভিড়তে চাইছিল।
এর আগে পানামায় এ কোম্পানির একটি জাহাজে চালের আড়ালে ক্ষেপণাস্ত্র পরিবহনের একটি ঘটনাও ধরা পড়ে বলে জানান ওই কর্মকর্তা।
