রোববার হরতাল ডেকেছে শিবির
নেতাকর্মীদের ‘হত্যা ও গণগ্রেপ্তারের’ প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেন, যা সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার মুক্তির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে নৃশংসতা ও অমানবিকতার পথ বেছে নিয়েছে অবৈধ সরকার। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে নেতাকর্মীদের বাসা থেকে ধরে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। অনেককে গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে।
এক মাসে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, রাজশাহী ও কুমিল্লায় শিবিরের সাত নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দুজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে অভিযোগ করে বলা হয়, শতাধিক নেতাকর্মীকে ধরে নিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করেছে রাষ্ট্রীয় বাহিনী এবং চলছে নির্বিচারে গণগ্রেপ্তার।
যৌথবাহিনী ও সরকার দলীয় ক্যাডাররা সারাদেশে ডাকাতের মতো নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করছে বলেও বিবৃতিতে।
“তাই নির্বিচারে বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়িঘর ভাংচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবিতে আগামী ০৭ ফেব্রুয়ারি শনিবার সারাদেশে বিক্ষোভ এবং ৮ ফেব্রুয়ারি রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করছি।”
এছাড়া শুক্রবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি নিহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা ও চট্টগ্রাম মহানগরীতে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণার বিবৃতিতে পাঠিয়েছে সংগঠনটি।
