পাবনায় বোমা বিস্ফোরণে ‘চরমপন্থী’ নিহত
পাবনার আতাইকুলায় বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন, যিনি চরমপন্থী দলের সদস্য বরে পুলিশ দাবি করছে।
শুক্রবার দুপুরে পুষ্পপাড়া এলাকায় একটি মৎস্য খামারে এ বিস্ফোরণ ঘটে।
নিহত মন্ডল হোসেন (৩৫) পুষ্পপাড়া ধর্মগ্রামের মালো প্রামানিকের ছেলে।
আতাইকুলা থানার এসআই মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাডভোকেট গোরার মৎস্য খামারে বোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে আহত মন্ডলকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বোমা তৈরির উপকরণসহ গুরুতর আহত অবস্থায় মন্ডলকে ও তার সহযোগী রাশিদুল ইসলামকে (২২) আটক করে এবং মন্ডলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, বিকালে চিকিৎসাধীন অবস্থায় মন্ডলের মৃত্যু হয়।
মন্ডল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সক্রিয় সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানান এসআই মনির।
