সাতক্ষীরায় জামায়াতের দুই নেত্রীসহ গ্রেপ্তার ৩৮
সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে দুই জামায়াত নেত্রীসহ বিএনপি-জামায়াতের ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এসব অভিযান চলে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন।
গ্রেপ্তার দুই নারী রোকন হলেন- জাহানারা বেগম (৪৮) ও শুকতারা বেগম (৩৬)।
এসআই কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুজনকে গভীর রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আব্দুর রহমান নামে একজনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তারা ওই বাড়িতে গোপন বৈঠক করছিলেন।
জামায়াতের ওই দুই রোকন ছাড়াও বাকি গ্রেপ্তারদের মধ্যে ২২ জন বিএনপির এবং ১৪ জন জামায়াত-শিবিরের কর্মী।
এসআই কামাল আরও জানান, জাহানারা ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভানেত্রী ও জেলা জামায়াতের রোকন আব্দুল বারীর স্ত্রী।
শুকতারা বেগম একই ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। তিনিও জামায়াতের রোকন বলে জানান তিনি।
