নেত্রকোণায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে ছয় জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং পাঁচজনকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামছুজ্জামান।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলার পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূরুল হুদা বলেন, রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের সদস্য সংগ্রহ নিয়ে সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ও গিয়াস উদ্দিনের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
